নির্বাচন পরবর্তী হামলা-মামলার ঘটনা
ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে 'বিজয়ী দলের সন্ত্রাসীরা' বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।
বুধবার সন্ধ্যায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "বিজয়ী দলের সন্ত্রাসীরা সারাদেশে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে, তাদের দোকানপাটে তালা ঝুলিয়ে দিচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে।
মীরপুর শ্রমিক দলের কর্মী লিটন ও পল্লবী দোয়ারীপাড়া যুবদলের কর্মী খোকনকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ব্রিফিংয়ে উপস্থিত করে তাদের ওপর 'হামলার' জন্য যুবলীগ কর্মীদের দায়ী করা হয়।
মীরপুর এলাকার পরাজিত প্রার্থী বিএনপির রফিকুল ইসলাম মিয়া ব্রিফিংয়ে বলেন, "নির্বাচনের রাতে আমার কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ তা নেয়নি।"
আহত লিটন ও খোকন নিজে ব্রিফিংয়ে কোনো কথা বলেননি।
রিজভি বলেন, নোয়াখালীর সোনাইমুড়ি ও সেনবাগ, কুমিল্লার হোমনা, মুন্সীগঞ্জের শ্রীপুর, নরসিংদীর মাধবদী এবং ভোলার দৌলতপুরেও 'বিজয়ী দলের' কর্মীরা বিএনপি কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করেছে।
ঢাকা সিটি করপোরেশনের ৯২ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় আওয়ামী লীগ কর্মীরা দখল করে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, "নির্বাচনের পর এসব ঘটনা অশুভ ইঙ্গিত বহন করে। বিজয়ী দলের নেত্রী একদিকে বলছেন, তিনি দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন, অন্যদিকে তার দলের সন্ত্রাসী কর্মীরা আমাদের ওপর হামলা চালাচ্ছে।"
অন্যদের মধ্যে বিএনপির নির্বাচিত প্রার্থী জয়নুল আবেদীন ফারুক, সাবেক সাংসদ খায়রুল কবীর খোকনসহ দলের নেতারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার কার্যালয়ে নির্বাচনের ফলাফল বিপর্যয় নিয়ে জাতীয়তাবাদী বুদ্ধিজীবী, শিক্ষক, সমর্থকদের সঙ্গে বৈঠক করেন।
বিচারপতি আব্দুর রউফ, অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমেদ ও মনিরুজ্জামান মিয়া, অধ্যাপক মাহাবুবউল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি সদরুল আমিন, অধ্যাপিকা রিজিয়া আক্তার বানু, সাংবাদিক এম মোজাম্মেল হক, শওকত মাহমুদ, কামালউদ্দীন সবুজ প্রমুখ এ বৈঠকে অংশ নেন।
এছাড়া এম সাইফুর রহমান, চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, মাহাবুবুর রহমান, সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন খালেদা জিয়া।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন দুটো বৈঠকেই উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment