Thursday, February 5, 2009

বিএনপির ওপর হামলা হচ্ছে, অথচ প্রশাসন নিশ্চুপ: রিজভী

বিএনপির ওপর হামলা হচ্ছে, অথচ প্রশাসন নিশ্চুপ: রিজভী

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা-নির্যাতন হচ্ছে অভিযোগ করে দলটির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেছেন, প্রশাসন এক্ষেত্রে কোনও ব্যবস্থাই নিচ্ছে না।

বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, "নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের কর্মীরা আমাদের কর্মীদেরকে জখম, হত্যা, বাড়িঘরে হামলা, তাদের সম্পদ লুটপাট করছে। প্রশাসনের কাছে সাহায্য চেয়ে এবং থানায় গিয়েও কোনও বিচার পাওয়া যাচ্ছে না। স্থানীয় প্রশাসন সম্পূর্ণ নিশ্চুপ হয়ে বসে আছে।"

"সরকারি দলের এ ধরনের আচরণ বাকশালী শাসনামলের কথাই স্মরণ করিয়ে দেয়", বলেন তিনি।

রিজভী প্রশাসনকে নিরপেক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিএনপির দপ্তর সম্পাদক দাবি করেন, মাগুরা সদর থানা, বরিশালের আগৈলঝরা, ময়মনসিংহের গফরগাঁও, সিলেটের ওসমানী নগর, কক্সবাজারের টেকনাফ ও উখিয়া, বাগেরহাটের শরণখোলা, সাতক্ষীরার শ্যামনগর ও ঝিনাইদহের শৈলকূপায় তার দলের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ হামলা চালিয়েছে।

রিজভী বলেন, "বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাচনের প্রার্থী বিএনপি নেতা মতিউর রহমানকে নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা তাকে আটক করে কর্মীদের মারধর করেছে।

"আজ এ ঘটনা জানার পর আমি (রিজভী) স্থানীয় প্রশাসনকে বিষয়টি দেখার জন্য বলেছি। কিন্তু তারা কোনও ব্যবস্থা নেয়নি।"

রিজভী আরও বলেন, "মাগুরার সদর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি মিজানুর রহমানকে মঙ্গলবার কুপিয়ে আহত করা হয়েছে। তার জীবন সঙ্কটাপন্ন।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির নবনির্বাচিত সাংসদ আব্দুল মোমিন তালুকদার, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ও জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ।

No comments: